সুষ্ঠু আইন-শৃঙ্খলা এবং মাদক নির্মূল একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল ভিত্তি বলে মন্তব্য করে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য। মঙ্গলবার (৪ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। যত বড় প্রভাবশালী হোক, মাদক কারবারি এবং আইন-শৃঙ্খলা অবনতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।’
মন্ত্রী কিশোর গ্যাংয়ের তৎপরতা ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনকে টহল জোরদার করার নির্দেশ দেন ও নিরাপদ জেলা গড়তে যার যার অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূইয়া ও লক্ষ্মীপুর ১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার তারেক হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।