আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এ সময়ের মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ হবে।
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানান, তফসিল অনুযায়ী মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। সময় শেষ হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা নির্ধারণ করা হবে।
রাষ্ট্রপতি পদে এবার দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।
অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম প্রস্তাব করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন।
এর আগে, রোববার (১৬ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
একাধিক প্রার্থী বহাল থাকলে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সংসদ সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়ার পর তারা ব্যালটে স্বাক্ষর করে নির্ধারিত তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টায় ভোট গণনা শুরু হবে।
ইসি কর্মকর্তারা জানান, মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা এবং প্রত্যেক প্রার্থী কত ভোট পেয়েছেন, তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ঘোষণা করবেন। এরপর সচিবালয়ে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।