অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে বলে জানান তিনি। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘যার যা কাজ সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।’ এ ছাড়া রাজস্ব কর্মকর্তাদের দণ্ডের বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
এর আগে, সকালে প্রধান অতিথি হিসেবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ এ যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
প্রধানমন্ত্রী ছাড়াও মঞ্চে আরও ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।