রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা করবেন তিনি। শুক্রবার (২১ আগস্ট) এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।
রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়, রোববার বঙ্গভবনে দুই নম্বর গেটে পৌঁছানোর পর তাকে পুলিশের একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে। সেখানে রাষ্ট্রপ্রধানকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল গার্ড অব অনার দেবে। এরপর রাষ্ট্রপতি বঙ্গভবনে তার কার্যালয়ে যাবেন।
এর আগে, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের দরবার হলে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি হওয়ার আগে ৭৮ বছর বয়সী মির্জা ফখরুল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। ২০১৬ সাল থেকে তিনি বিএনপির মহাসচিব, তার আগে পাঁচ বছর ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। মির্জা ফখরুলই বিএনপির সবচেয়ে দীর্ঘকালীন মহাসচিব। আওয়ামী লীগ সরকারের সময় তার নেতৃত্ব বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছিল।
২০০১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। সে সময় কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে বগুড়ার একটি আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেও, দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্যের শপথ নেননি তিনি। এরপর গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঠাকুরগাঁও থেকে বিজয়ী হয়ে স্থানীয় সরকার মন্ত্রী হন তিনি।