ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে আল রিয়াদের বিপক্ষে গোল করে টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন পর্তুগিজ তারকা।
শুক্রবার ৪-০ গোলের জয়ের ম্যাচে শুরুতে বেঞ্চে ছিলেন রোনালদো। ৬২ মিনিটে মাঠে নেমে মাত্র ২১ মিনিট পর, ৮৩ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন তিনি। এই গোলেই জ্লাতান ইব্রাহিমোভিচকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েন রোনালদো। জ্লাতান টানা ২৪টি লিগ মৌসুমে গোল করেছিলেন।
স্পোর্টিং থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসরের হয়ে গোল করে এই ধারাটি ধরে রেখেছেন রোনালদো। চারটি ভিন্ন দেশে পাঁচটি ক্লাবের হয়ে খেলেও কোনো লিগ মৌসুম গোলশূন্য কাটেনি তার।
আল রিয়াদের বিপক্ষে গোলটি ছিল রোনালদোর অফিসিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম গোল। অর্থাৎ ১ হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ২৩ গোল দূরে তিনি। এর মধ্যে রিয়ালের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪৫, জুভেন্টাসে ১০১, স্পোর্টিংয়ে ৫ এবং আল নাসরের হয়ে ১৩০ গোল করেছেন। পর্তুগালের হয়ে তার গোল ১৪৬টি।
তবে এই মৌসুমই পেশাদার ফুটবলে রোনালদোর শেষ অধ্যায় হতে পারে। চলতি মাসের শুরুতে ভোগ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর এবং আমি একটি দুর্দান্ত কীর্তি রেখে যেতে চাই।’
এখন সেই শেষ মৌসুমেই ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে ছুটছেন ৪১ বছর বয়সী রোনালদো।