চাঁদা দাবি, ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা কিংবা ব্যবসা ও নির্মাণকাজকে কেন্দ্র করে অবৈধ অর্থ চাওয়ার মতো ঘটনার তথ্য সংগ্রহে নতুন একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়েছে। ‘চাঁন্দাবিডি ডটকম’ (chandabd.com) নামের এই প্ল্যাটফর্মে নাগরিকরা নিজেদের অভিজ্ঞতা পরিচয় গোপন রেখেই জানাতে পারবেন। মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটির যাত্রা শুরুর কথা জানানো হয়।
উদ্যোক্তাদের ভাষ্য, বিশ্বের বিভিন্ন দেশে চালু থাকা নাগরিকদের অভিযোগ ও অভিজ্ঞতা নথিবদ্ধ করার উদ্যোগগুলো থেকে ধারণা নিয়ে এবং ঘুষের অভিযোগ সংগ্রহের প্ল্যাটফর্ম ‘ঘুষ ডট সাইট’-এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ‘চাঁন্দাবিডি ডটকম’ তৈরি করা হয়েছে।
প্ল্যাটফর্মটিতে অভিযোগ জানানোর সময় ঘটনার স্থান ও সময়, সংশ্লিষ্ট খাত, ঘটনার ধরন এবং কত টাকা দাবি করা হয়েছে—এসব তথ্য যুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার সুযোগও থাকছে। এতে নাগরিকরা চাঁদা চাওয়া বা অবৈধ অর্থ দাবির অভিজ্ঞতা প্রকাশ করতে পারবেন, তবে এজন্য তাদের নাম-পরিচয় প্রকাশ বাধ্যতামূলক নয়।
তবে প্ল্যাটফর্মটির উদ্যোক্তারা বলছেন, ওয়েবসাইটে প্রকাশিত কোনো অভিযোগকে সরাসরি অপরাধের প্রমাণ বা তদন্তের চূড়ান্ত ফলাফল হিসেবে দেখার সুযোগ নেই। এসব তথ্য আদালতে গ্রহণযোগ্য প্রমাণ হিসেবেও বিবেচিত হবে না। বরং নাগরিকদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতাগুলোকে একটি উন্মুক্ত তথ্যভান্ডার হিসেবে সংরক্ষণ করাই উদ্যোগটির প্রধান উদ্দেশ্য।
তাদের মতে, বিভিন্ন এলাকা ও খাত থেকে পাওয়া অভিযোগ বিশ্লেষণ করলে কোথায় বা কোন ধরনের কার্যক্রমে চাঁদাবাজির অভিযোগ তুলনামূলক বেশি আসছে, সে সম্পর্কে একটি প্রাথমিক ধারণা তৈরি হতে পারে।
অভিযোগ প্রকাশের ক্ষেত্রেও রাখা হয়েছে যাচাই ও মডারেশনের ব্যবস্থা। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য, ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করার বক্তব্য এবং কারও ফোন নম্বর, বাসার ঠিকানা বা অপ্রাসঙ্গিক ব্যক্তিগত পরিচয় প্রকাশ ঠেকাতে প্রকাশের আগে অভিযোগগুলো পর্যালোচনা করা হবে।
কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ঘিরে অভিযোগ জমা পড়লেও সেটিকে প্রমাণিত অপরাধ হিসেবে উপস্থাপন করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
‘চাঁন্দাবিডি ডটকম’-এর উদ্যোক্তারা বলছেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করা কিংবা কাউকে অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করা তাদের লক্ষ্য নয়। সাধারণ মানুষের অভিজ্ঞতা দায়িত্বশীল উপায়ে সংরক্ষণ, চাঁদাবাজি ও অবৈধ অর্থ দাবির বিষয়ে জনসচেতনতা তৈরি এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে সমস্যার একটি সামগ্রিক চিত্র তুলে ধরাই এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য।