আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের প্রিমিয়ার লিগে ফেরার গুঞ্জনে নতুন মোড় এসেছে। আর্সেনাল তাকে নেওয়ার চেষ্টা চালালেও এবার চেলসিই তাকে দলে ভেড়ানোর দৌড়ে এগিয়ে গেছে।
ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক নিকোলো স্কিরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার লন্ডনে অ্যাটলেটিকো মাদ্রিদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে চেলসি। সেখানে আলভারেজকে দলে নেওয়ার সম্ভাব্য শর্ত নিয়ে আলোচনা হয়েছে। একই সময়ে চেলসির স্ট্রাইকার নিকোলা জ্যাকসনকে নিতে প্রাথমিক আলোচনা শুরু করেছে অ্যাটলেটিকো।
টপস্কিলস স্পোর্টস ইউকে-এর তথ্য অনুযায়ী, চেলসির দুই মালিক টড বোয়েলি ও বেহদাদ এগবালিও স্পেনে গিয়ে অ্যাটলেটিকো কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। চেলসি চলতি সপ্তাহেই চুক্তি সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী এবং আলভারেজের সঙ্গে ব্যক্তিগত শর্তেও সমঝোতায় পৌঁছেছে।
আলভারেজের জন্য অ্যাটলেটিকো শুরুতে ১৫০ মিলিয়ন ইউরো চাইলেও চেলসির সঙ্গে ১২০ মিলিয়ন ইউরোতে চুক্তিতে রাজি হতে পারে। এখন দুই পক্ষ সুবিধাজনক পেমেন্ট কাঠামো নিয়ে আলোচনা করছে।
চলতি দলবদলেই নতুন চ্যালেঞ্জের খোঁজে অ্যাটলেটিকো ছাড়তে রাজি আলভারেজ। আর্সেনাল ও বার্সেলোনা আগ্রহ দেখালেও লা লিগার সরাসরি প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে তাকে বিক্রি করতে রাজি নয় অ্যাটলেটিকো।
বার্সেলোনা দৌড় থেকে ছিটকে যাওয়ায় চেলসির পথ আরও সহজ হয়েছে। চূড়ান্ত চুক্তির কাঠামো ঠিক হলেই বিশ্বকাপজয়ী আলভারেজকে চেলসির জার্সিতে দেখা যেতে পারে।