প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
নাসির উদ্দিন বলেন, ‘আইডিয়াল পরিস্থিতিতে নির্বাচন করতে গেলে কেমন পরিবেশ রাখা দরকার, সে বিষয়টি দেখতে চেয়েছে ইসি। গত ১৫ বছরে ভোট দেওয়ার প্রক্রিয়া দেখেনি জনগণ। সেটা দেখাতে ও প্রক্রিয়া জানাতে মক ভোটিংয়ের আয়োজন করা হয়েছে। একসঙ্গে দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগছে, তা দেখা হচ্ছে।’
তিনি বলেন, এখনো গণভোট নিয়ে সেভাবে প্রচারণা শুরুই হয়নি। সরকার এবং ইসি একসঙ্গে ব্যাপক প্রচারণা চালাবে, সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
সিইসি এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো ভালো ছিল না। এখন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। আগেও চুরি-ছিনতাই হয়েছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। পরিস্থিতি আরও ভালো হবে।’