গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে সোমবার (১২ জানুয়ারি) রংপুর যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর পর দেশে ফিরে এটাই ঢাকার বাইরে তার প্রথম সফর।
বিএনপির গুলশান কার্যালয় সূত্রে জানা যায়, রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছে সেখানকার একটি হোটেলে রাতযাপন করবেন তারেক রহমান। পরদিন সকাল ১০টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জেলা বিএনপির গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন। এরপর রংপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমে জানান, বিস্তারিত সফরসূচি চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।
বগুড়া জেলা বিএনপির সূত্রে জানা যায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় গিয়েছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর বগুড়ায় তার আগমন ঘিরে নেতাকর্মীর মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।