আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশনপ্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ বৈঠকে নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) উপস্থিত রয়েছেন। এ ছাড়া ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন।
অন্যদিকে কূটনৈতিক কোরের সদস্যদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত আছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ ও নির্বাচনের স্বচ্ছতা, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা জরুরি বিষয়ে কূটনীতিকদের অবহিত করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন ভবনে ফিরে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।