নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন ভোটার, প্রার্থী বা তাদের এজেন্ট, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা। তবে, গোপন কক্ষ বা ব্যালট স্ট্যাম্পিং রুমে মোবাইল নিষিদ্ধ থাকবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানিয়ে আখতার আহমেদ বলেন, ‘আগের সিদ্ধান্ত নিয়ে আপনাদের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, তাই এটা আমরা সংশোধন করছি। মোবাইল ফোন নিয়ে ভোটার, প্রার্থী বা তাদের এজেন্টরা ভেতরে যাবেন। সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ বা যেখানে স্টাম্পিং হয় সেখানে মোবাইল নিয়ে কেউ প্রবেশ করবেন না। এভাবে পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোন রকমের দ্বিধা না থাকে।’
তিনি আরও বলেন, ‘তবে এখানে কিছু বিধিনিষেধ থাকবে। যেমন, পোলিং এজেন্টস, পোলিং অফিসার ও অ্যাসিস্টেন্ট প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মোবাইল রাখার বিধান নেই। সেইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য থাকেন, তাদের জন্যও একই বিধান প্রযোজ্য। নিয়মানুযায়ী তারা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের আওতার বাইরে থাকবেন।’
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কেন্দ্রে প্রবেশের সময় মোবাইল ফোন সঙ্গে না রাখতে দেয়ার বিষয়ে কমিশনের আগের সিদ্ধান্তের বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিভিন্নভাবে একাধিকবার উত্থাপিত হয়। ফলে আলোচনা সাপেক্ষে পরিপত্রের এই সুনির্দিষ্ট অংশটুকু বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করেছিল। পরে এ নিয়ে নানা সমালোচনা তৈরি হয়।