ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত বেসরকারি ফলাফলে ৪টি আসনে জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। এর মধ্যে কিশোরগঞ্জ-৪, কুমিল্লা-৩, ঝিনাইদহ-১ এবং সুনামগঞ্জ-২ রয়েছে।
সুনামগঞ্জ-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী নাসিরউদ্দিন চৌধুরী। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির। এর আগে ঝিনাইদহ-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মতিউর রহমান। রিটার্নিং কর্মকর্তার দেওয়া বেসরকারি ফলে আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান এবং কুমিল্লা-৩ আসনে একই দলের মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জয়ী হয়েছেন।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে। দুপুরে ভোটের হার কিছুটা কম ছিল।’
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩ জন।