জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় গত ২২ এপ্রিল নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ওইদিন বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময় অতিক্রম করায় কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে। পরে আপিল করলেও তার প্রার্থিতা বহাল থাকেনি। আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে ২২ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।