বাংলাদেশকে কোনো পরাশক্তির প্লে গ্রাউন্ড হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১৬ মে) রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে আয়োজিত ‘তারুণ্যের ঐক্য: নতুন বাংলাদেশের শক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ফারাক্কা দিবস উপলক্ষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ভারত অভিন্ন নদীগুলোতে বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত করছে।’ আসন্ন গঙ্গা পানি বণ্টন চুক্তিতে ন্যায্য হিস্যা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ-ভারত সীমান্তকে ‘বিশ্বের অন্যতম রক্তাক্ত সীমান্ত’ উল্লেখ করে তিনি বলেন, ‘হাজারের বেশি বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে।’ প্রয়োজনে সীমান্তে লংমার্চের ঘোষণাও দেওয়া হতে পারে বলে সতর্ক করেন তিনি।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে কোনো পরাশক্তির প্লে গ্রাউন্ড হতে দেওয়া যাবে না।’ দেশের পররাষ্ট্রনীতি জনগণের স্বার্থে নির্ধারণ এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে সাম্প্রতিক চুক্তিগুলো সংসদে আলোচনা করে স্বচ্ছতার ভিত্তিতে করার আহ্বান জানান।
এনসিপির এই নেতা বলেন, ‘দেশে বর্তমানে হামের ভয়াবহ প্রাদুর্ভাব চলছে এবং এতে চারশোর বেশি শিশুর মৃত্যু হয়েছে।’ এ পরিস্থিতিতে তিনি অবিলম্বে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা এবং নির্দিষ্ট হাসপাতালগুলোকে হামের চিকিৎসার জন্য বিশেষায়িত করার দাবি জানান।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, গণভোটের রায় প্রত্যাখ্যান করেছে এবং গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করেছে। পাশাপাশি যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি বলেও দাবি করেন তিনি।
বর্তমান সরকারকে অদক্ষ উল্লেখ করে নাহিদ বলেন, শুধু পিআর কৌশল দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়। তিনি মন্ত্রিসভায় যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
তিনি আরও বলেন, ‘সরকারের কার্যকারিতার ওপর নির্ভর করবে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন হবে কি না।’ একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টিও তুলে ধরেন।
দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের জবাবদিহি দাবি করেন তিনি। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা ও মৃত্যুর ঘটনাগুলোর বিচারও দাবি জানান।
অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সঞ্চালনায় এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।