অন্ধ্রপ্রদেশের জনসংখ্যা হ্রাসের প্রবণতা ঠেকাতে এক ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি জানিয়েছেন, রাজ্যে কোনো দম্পতির ঘরে তৃতীয় সন্তান জন্ম নিলে ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তান জন্ম নিলে ৪০ হাজার রুপি আর্থিক প্রণোদনা দেওয়া হবে।
শনিবার (১৬ মে) অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার নরসান্নাপেটায় এক জনসভায় মুখ্যমন্ত্রী এ ঘোষণা দেন বলে জানিয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস।
চন্দ্রবাবু নাইডু বলেন, ‘আমি নতুন সিদ্ধান্ত নিয়েছি। তৃতীয় সন্তান জন্মের পরপরই আমরা ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার রুপি দেব। এটি কি সঠিক সিদ্ধান্ত নয়? আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রূপরেখা ঘোষণা করা হবে।’
জনসংখ্যা নিয়ন্ত্রণের পক্ষে একসময় জোর প্রচার চালালেও মুখ্যমন্ত্রী নাইডু এখন বলছেন, জন্মহার বাড়াতে একযোগে কাজ করার সময় এসেছে।
কমছে জনসংখ্যা বৃদ্ধির হার
নাইডুর এই ঘোষণার আগে দ্বিতীয় সন্তানের জন্মের জন্য ২৫ হাজার রুপি প্রণোদনা দেওয়ার প্রস্তাব আনা হয়েছিল। গত ৫ মার্চ মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছিলেন, যেসব দম্পতির দ্বিতীয় সন্তান হবে, তাদের ২৫ হাজার রুপি প্রণোদনা দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার।
তবে পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী সত্য কুমার যাদব বার্তা সংস্থা পিটিআইকে জানান, সরকার এই প্রণোদনার আওতা আরও বাড়িয়ে তৃতীয় বা তার পরবর্তী সন্তান হওয়া পরিবারগুলোর জন্যও এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মুখ্যমন্ত্রীর মতে, আয় বাড়ার সঙ্গে সঙ্গে কিছু দম্পতি এখন কেবল একটি সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। আবার অনেকে দ্বিতীয় সন্তান কেবল তখনই নেন, যদি তাদের প্রথম সন্তান ছেলে না হয়।
এর ফলে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে উল্লেখ করে সতর্কবার্তা দেন নাইডু। একই সঙ্গে স্থিতিশীল জনসংখ্যার জন্য প্রজনন হার ২ দশমিক ১ বজায় রাখার ওপর জোর দেন।
নাইডু জানান, প্রতি নারীর গড় প্রজনন হার ২ দশমিক ১ হলেই কেবল একটি দেশের বা রাজ্যের জনসংখ্যা স্থিতিশীল থাকে। বিশ্বের বেশ কিছু দেশে জনসংখ্যা কমে যাওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়া সেখানকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।