বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও বিষয়টি জানেন না বলে জানিয়েছেন তিনি। বিএনপির পক্ষ থেকেও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে দেশের একটি গণমাধ্যম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বিএনপির পক্ষ থেকে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই।’
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বিএনপির মিডিয়া সেলের একটি সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদে দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই বেশি আলোচনায় রয়েছে। রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে তারও কিছুটা আগ্রহ রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত তাঁর সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
তবে এর বাইরে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামও আলোচনায় রয়েছে।
দলীয় সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে। ফলে শেষ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত দলের চেয়ারম্যানই নেবেন।
অন্যদিকে রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।