অধ্যাপক গোলাম আযম একজন যুদ্ধাপরাধী বলে মনে করেন জামায়াতে ইসলামী বাংলাদেশে সদ্য যোগ দেওয়া মেজর (অব.) আখতারুজ্জামান। বুধবার (১৭ ডিসেম্বর) এশিয়ান টেলিভিশনের একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এদিন এশিয়ান টেলিভিশনের 'টেবিল টক' অনুষ্ঠানে মুখোমুখি হন নাগরিক প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হাসনাইন খুরশেদ ও বিএনপি থেকে পাঁচবারের বহিষ্কৃত নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। তখন এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হাসনাইন খুরশেদ আখতারুজ্জামানকে প্রশ্ন করেন, জামায়াতে ইসলামীর একজন কর্মী বা নেতা হিসেবে গোলাম আযমকে কীভাবে দেখেন? তখন আখতারুজ্জামান বলেন, 'গোলাম আযমকে একজন যুদ্ধাপরাধী হিসেবে দেখি। এতে কোনো সন্দেহ নেই। তবে আজকের বাংলাদেশে যারা জামায়াতে ইসলামী বা ছাত্রশিবির করে তাদের একজনও যুদ্ধাপরাধী নয়।'
গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করে প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি।