আকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে দারুণ এক সময়। দেখা মিলবে বছরের অন্যতম সেরা জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা পারসেইড উল্কাবৃষ্টি। অনুকূল আবহাওয়া থাকলে বুধবার (১২ আগস্ট) মধ্যরাত থেকে ভোরের মধ্যে ঘণ্টায় ১০০টিরও বেশি উল্কা বা ‘খসা তারা’ দেখা যেতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এ বছর পারসেইড উল্কাবৃষ্টি দেখার পরিবেশ আরও ভালো হবে, কারণ আকাশে থাকবে অমাবস্যা। ফলে চাঁদের উজ্জ্বল আলো না থাকায় ক্ষীণ উল্কাগুলোও তুলনামূলক সহজে দেখা যাবে।
কী এই পারসেইড উল্কাবৃষ্টি?
পৃথিবী যখন কোনো ধূমকেতু বা গ্রহাণুর ফেলে যাওয়া ধূলিকণা ও পাথুরে ধ্বংসাবশেষের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন সেসব কণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে ওঠে। তখন আকাশে আলোর রেখা তৈরি হয়, যাকে আমরা উল্কা বা ‘খসা তারা’ হিসেবে দেখি।
পারসেইড উল্কাবৃষ্টি সৃষ্টি হয় সুইফট-টাটল ধূমকেতুর ফেলে যাওয়া ধ্বংসাবশেষ থেকে। প্রায় ২৬ কিলোমিটার ব্যাসের এ ধূমকেতু সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় ১৩৩ বছর সময় নেয়। ফলে আজ যে উল্কাগুলো দেখা যাবে, সেগুলোর অনেকগুলোই এক শতাব্দীরও বেশি আগে ধূমকেতুটি ফেলে গিয়েছিল।
কখন দেখা যাবে?
এ বছর পারসেইড উল্কাবৃষ্টি জুলাইয়ের মাঝামাঝি থেকে ২৩ আগস্ট পর্যন্ত সক্রিয় থাকবে। তবে সবচেয়ে বেশি উল্কা দেখা যাবে ১২ ও ১৩ আগস্টের মধ্যরাত থেকে ভোর পর্যন্ত।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, শহরের কৃত্রিম আলোর বাইরে খোলা ও অন্ধকার জায়গা থেকে আকাশ পর্যবেক্ষণ করলে সবচেয়ে ভালোভাবে উল্কাবৃষ্টি দেখা সম্ভব। অন্ধকারে চোখ মানিয়ে নিতে অন্তত ২০ থেকে ৩০ মিনিট সময় নেওয়ার পর খোলা আকাশের দিকে তাকিয়ে থাকলেই উল্কা দেখার সম্ভাবনা বাড়বে।
একই রাতে সূর্যগ্রহণও
এদিকে উল্কাবৃষ্টির পাশাপাশি একই দিনে আংশিক সূর্যগ্রহণও ঘটবে। যুক্তরাজ্যে সূর্যাস্তের আগে এ গ্রহণ দেখা যাবে। যদিও দুটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই, তবে একই দিনে ঘটায় এটি আকাশপ্রেমীদের জন্য বিরল এক অভিজ্ঞতা হয়ে উঠেছে।
তবে জ্যোতির্বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, সূর্যগ্রহণ দেখার সময় অবশ্যই অনুমোদিত সোলার ভিউয়িং চশমা ব্যবহার করতে হবে। যথাযথ সুরক্ষা ছাড়া খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকালে স্থায়ীভাবে চোখের ক্ষতি হতে পারে।