লা লিগার শিরোপার দৌড়ে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠেই গেতাফের বিপক্ষে ০-১ গোলে পরাজিত হয়েছে আলভারো আরবেলোয়ার দল। প্রথমার্ধে করা একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। গেতাফের মার্টিন সাতরিয়ানো দুর্দান্ত এক ভলিতে বল জালের কোণে জড়িয়ে দেন, যা শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।
কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে রিয়ালের আক্রমণে তেমন কোনো ধার ছিল না। ফিনিশিংয়ে ব্যর্থতা আর মাঝমাঠে ছন্দের অভাবে টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখেছে লস ব্লাঙ্কোসরা। সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি স্বাগতিক রিয়াল মাদ্রিদ।
শুরুর দিকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল রিয়ালের হাতেই। ম্যাচের ১৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র একক প্রচেষ্টায় বক্সে ঢুকে শট নিলেও গেতাফের গোলরক্ষক ডেভিড সোরিয়া তা রুখে দেন। এরপরও প্রথমার্ধে কয়েকটি আক্রমণ গড়েছিল মাদ্রিদ, কিন্তু গোলের দেখা মেলেনি। ৩৯ মিনিটে রুডিগার হেড ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে সাতরিয়ানো জোরালো ভলিতে গেতাফকে এগিয়ে দেন।
গোলের পর গেতাফে মাঝমাঠে চাপ ধরে রাখে। দ্বিতীয়ার্ধে রিয়াল আক্রমণের গতি বাড়ালেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি। যোগ করা সময়ে উত্তেজনা চরমে ওঠে। রেফারির সঙ্গে কথাকাটাকাটির জেরে ফ্রাঙ্ক মাস্তানতুনো সরাসরি লাল কার্ড দেখেন। কিছুক্ষণ পর গেতাফের খেলোয়াড় আদ্রিয়ান লিসোও লাল কার্ড পান। ফলে শেষ বাঁশি বাজার সময় দুই দলই ১০ জনের খেলোয়াড় নিয়ে মাঠে ছিল।
এই পরাজয়ের ফলে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে চার পয়েন্টে এগিয়ে আছে হানসি ফ্লিকের দল বার্সেলোনা।