রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের শিবিরে নেমেছে হতাশার ছায়া। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন রদ্রিগো। ক্লাবের হয়ে চলতি মৌসুমের বাকি সময় তো বটেই, সামনে আসন্ন বিশ্বকাপেও খেলতে পারবেন না এই তারকা ফরোয়ার্ড।
ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের চোটের বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, তার ডান পায়ের সামনের ক্রুসিয়েট লিগামেন্ট এবং বাইরের মেনিস্কাস ছিঁড়ে গেছে। তবে ঠিক কতদিনে তিনি সুস্থ হয়ে ফিরতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানায়নি ক্লাব।
পেশির চোটে এক মাসের বেশি সময় বাইরে থাকার পর গত সোমবার গেতাফের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন রদ্রিগো। লিগের ওই ম্যাচে ৫৪ মিনিটে তাকে বদলি নামানো হয়। ৬৬ মিনিটে বাম দিক দিয়ে আক্রমণে এগোতে গিয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জ এড়াতে গতি বাড়ান তিনি। সেখানেই বাঁধে বিপত্তি; ব্যথা অনুভব করলেও শেষ পর্যন্ত খেলা চালিয়ে যান এই তারকা ফরোয়ার্ড।
পরদিন মেডিকেল পরীক্ষায় ধরা পড়ে গুরুতর চোট। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, পুরোপুরি সেরে উঠতে ১০ থেকে ১২ মাস সময় লাগতে পারে। সে হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে মাঠে ফেরা প্রায় অসম্ভব বলা যায়।
বিশ্বকাপের আর মাত্র প্রায় ১০০ দিন বাকি থাকতে এমন দুঃসংবাদ ব্রাজিল শিবিরেও বড় ধাক্কা হয়ে এসেছে। দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ফুটবলারের অনুপস্থিতি বড় শূন্যতাই তৈরি করবে।