ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের একেবারে নিচে থাকা উলভসের কাছে হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। মঙ্গলবার দিবাগত রাতের ম্যাচে ২-১ ব্যবধানে অল রেডদের হারিয়ে বড় চমক দেখিয়েছে স্বাগতিকরা।
২০২৪ সালের এপ্রিলের পর লিগে টানা দুই জয়ের দেখা পায়নি উলভস। দীর্ঘ সেই খরা কাটল চ্যাম্পিয়নদের হারিয়েই। নিজেদের আগের ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় পেয়েছিল তারা। এবার লিভারপুলকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বার্তা দিল নেকড়েরা।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলে ২০টিতেই হেরেছে উলভস। তাই লিগ টেবিলের তলানিতে থাকলেও এই জয় তাদের জন্য বড় প্রাপ্তি হিসেবেই দেখা হচ্ছে।
অন্যদিকে এই হারে লিগে নবম পরাজয় দেখল লিভারপুল। ২৯ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪৮ পয়েন্ট। টেবিলের চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলার সংগ্রহ ২৮ ম্যাচে ৫১ পয়েন্ট। শীর্ষ তিনে রয়েছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড; তাদের পয়েন্ট যথাক্রমে ৬৪, ৫৯ ও ৫১।
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এমন হারে চ্যাম্পিয়নস লিগ খেলা নিয়ে আরও চাপে পড়ল লিভারপুল। অন্যদিকে তলানিতে থাকা উলভস নতুন করে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে।