শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে কৌশলের বার্তা দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার বাটলার। তিনবারের এশিয়া কাপ জয়ী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, দল শুধু ভাগ্যের ওপর নির্ভর করছে না; বরং নিজেদের দক্ষতা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমেই ভরসা রাখছে।
সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বাটলার বলেন, উত্তর কোরিয়া টেকনিক্যালি অত্যন্ত সমৃদ্ধ ও প্রতিভাবান দল। ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্বে নবম স্থানে থাকা এই দল এশিয়ায় জাপানের পরেই অবস্থান করছে এবং টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। তবে শক্তিশালী প্রতিপক্ষ বলে মাঠে রক্ষণাত্মক হয়ে পড়ার পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন তিনি।
বাটলার বলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’— প্রতিপক্ষের শক্তি বিবেচনায় রেখেই সেই পরিকল্পনা সাজানো হয়েছে। তার ভাষায়, গোল হজমের ঝুঁকি থাকলেও শুরু থেকেই চাপে পড়ে বসে থাকার কোনো ইচ্ছা নেই দলের। বরং সক্রিয় ও আক্রমণাত্মক ফুটবল খেলতেই চান তিনি। মূল একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিতও দেন এই ইংলিশ কোচ।
এর আগে চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও বাংলাদেশের লড়াকু পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। সেই ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক আফিদা খন্দকার। কোচের ম্যাচ পরিকল্পনা মেনে নিজেদের সেরাটা দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। ফলাফল যাই হোক, লড়াইয়ে কোনো ছাড় দেবে না দল।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইং প্রধান মাহফুজা আক্তারের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য নিয়েও প্রশ্ন ওঠে। চীনের ফুটবলারদের নিয়ে করা সেই মন্তব্যকে ‘ভুল ও অসম্মানজনক’ বলে মন্তব্য করেন বাটলার। তিনি বলেন, পেশাদার ফুটবলে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। তবে এ বিষয়ে বেশি না ভেবে তিনি দলের পারফরম্যান্স ও খেলোয়াড়দের মানসিক প্রস্তুতির দিকেই মনোযোগ দিচ্ছেন।
সব মিলিয়ে শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে আত্মবিশ্বাসী হলেও বাস্তববাদী অবস্থান নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। কৌশল, শৃঙ্খলা ও লড়াকু মানসিকতা নিয়েই আগামীকাল সকাল আটটায় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।