ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই নিজেদের অস্ত্রবিহীন মিনিটম্যান থ্রি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই ক্ষেপণাস্ত্র 'ডুমসডে' নামে পরিচিত।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স ঘাঁটি থেকে ‘এয়ার ফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড’ এই পরীক্ষা চালায়।
মার্কিন বিমান বাহিনী অবশ্য এক বিবৃতিতে জানিয়েছে, এই উৎক্ষেপণ কয়েক বছর আগেই নির্ধারিত ছিল। এটি সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতির প্রতিক্রিয়ায় করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, এটি কয়েক দশক ধরে চলমান একটি তথ্যভিত্তিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। এ পর্যন্ত তিনশোর বেশি এ ধরনের পরীক্ষা চালানো হয়েছে, যাতে অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা যায়। সংগৃহীত এই তথ্যগুলো ভবিষ্যৎ সামরিক শক্তি উন্নয়নের জন্য অপরিহার্য। পরীক্ষামূলক উড্ডয়নের সময় ক্ষেপণাস্ত্রটির দুটি রি-এন্ট্রি ভেহিকল কয়েক হাজার মাইল পথ পাড়ি দিয়ে মার্শাল দ্বীপপুঞ্জের কোয়াজালেইন অ্যাটলে নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছায়। এই দীর্ঘ পাল্লার উড্ডয়ন প্রকৌশলী ও বিশেষজ্ঞদের ক্ষেপণাস্ত্রটির সঠিকতা ও নির্ভরযোগ্যতা সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহের সুযোগ করে দেয়।
এর আগে গত বছরের নভেম্বরেও যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল।
কেন একে ‘ডুমসডে’ ক্ষেপণাস্ত্র বলা হয়
১৩ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। এটি যুক্তরাষ্ট্রের একমাত্র স্থলভিত্তিক এবং মাটির নিচে সুরক্ষিত কক্ষ থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র।
এই ক্ষেপণাস্ত্র তিনটি ভিন্ন ওয়ারহেড বহন করতে পারে, যা আলাদা আলাদা দিকে আঘাত হানতে সক্ষম। তবে রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তির কারণে বর্তমানে এতে একটি করে ওয়ারহেড রয়েছে।
একে ‘ডুমসডে’ ক্ষেপণাস্ত্র বলা হয় কারণ এটি একবার নিক্ষেপ করা হলে তেজস্ক্রিয়তার প্রভাবে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে তৈরি হওয়া বিতর্ক
ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলাকালে এই পরীক্ষা আলোচনার জন্ম দিয়েছে।
মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান।
এই যুদ্ধের রেশ অন্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কা উপকূলে যুক্তরাষ্ট্রের সাবমেরিন হামলা ইরানি যুদ্ধজাহাজ ‘আইরিস ডেনা’-কে ডুবিয়ে দিলে অন্তত ৮০ জন নিহত হয়।
যুদ্ধজাহাজটি ভারতে একটি বন্ধুত্বপূর্ণ সফর শেষে ফিরছিল।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের জানান, ইরানের নৌবাহিনী মনে করেছিল, তাদের জাহাজ আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ থাকবে।