পিএসজির হারে শিরোপা লড়াইয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ানে। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে মোনাকোর বিপক্ষে ৩-১ গোলে হেরে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই পরাজয়ে লুইস এনরিকের দলের শীর্ষস্থান এখন হুমকির মুখে পড়েছে।
রোববার তলানির দল মেটজকে হারাতে পারলে পয়েন্ট ব্যবধান মাত্র একে নামিয়ে আনতে পারবে দ্বিতীয় স্থানে থাকা লেন্স। ফলে লিগের শিরোপা লড়াই আরও জমে উঠার ইঙ্গিত দিচ্ছে।
চোট কাটিয়ে প্রায় তিন সপ্তাহ পর এদিন পিএসজির হয়ে মাঠে নামেন গত মৌসুমের ব্যালন ডি’অর জয়ী উসমান ডেম্বেলে। বদলি হিসেবে নেমে আক্রমণে গতি আনলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি তিনি। ম্যাচের ২৭ মিনিটে মোনাকোকে এগিয়ে দেন মাঘনেস আকলিউশ। পিএসজির মিডফিল্ডার ওয়ারেন জাইর-এমেরির রক্ষণাত্মক ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোলটি করেন তিনি।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি হিসেবে নামা আলেক্সান্ডার গলোভিন। ৭১ মিনিটে ব্র্যাডলি বারকোলার ডিফ্লেক্টেড শটে একটি গোল শোধ দেয় পিএসজি। তবে সেই আশাও বেশিক্ষণ টেকেনি। মাত্র দুই মিনিট পর বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত এক শটে মোনাকোর তৃতীয় গোলটি করেন আমেরিকান ফরোয়ার্ড ফোলারিন বালোগান, যা নিশ্চিত করে ৩-১ ব্যবধানের জয়।
এই জয়ে ২৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে মোনাকো। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি, আর ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেন্স। চলতি মৌসুমে এটি পিএসজির চতুর্থ লিগ হার।
এদিকে সামনে ইউরোপের বড় লড়াইও অপেক্ষা করছে পিএসজির জন্য। আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে ইংলিশ ক্লাব চেলসিকে আতিথ্য দেবে তারা।