আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম এবারও কেন্দ্রবিন্দুতে; কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হবে এখানেই। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও আয়োজিত হয়েছিল একই ভেন্যুতে, তখন কালো মাটির উইকেটে একপেশে জয়ে বিশ্বকাপ জয় করেছিল অস্ট্রেলিয়া। এবার কেমন হবে সেই উইকেট, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
প্রায় পাঁচশো রানের ম্যাচে ভারত ও ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে রান উৎসব হয়েছে। ফাইনালেও এমনই হবার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উইকেটের ধরন বিবেচনায় নিয়ে। ক্রিকেট বিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো ও ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ফাইনালের উইকেট হতে পারে মিশ্র মাটির, লাল ও কালো মাটির সংমিশ্রণে তৈরি, যেখানে লাল মাটি বেশি থাকবে।
লাল মাটি বেশি থাকলে বল ব্যাটে সহজে আসে এবং বাউন্স ভালো পাওয়া যায়। ফলে ব্যাটাররা বেশি সুবিধা পাবেন; পেসারদেরও সুবিধা থাকবে, কিন্তু স্পিনারদের তুলনায় কম। এমনকি ফাইনালে দুই ইনিংসেই ২০০ রানের বেশি স্কোর হওয়া সম্ভব।
সূত্র জানিয়েছে, ‘ফাইনালের জন্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতীয় দলকে মিশ্র মাটির পিচ দেওয়া হবে। এটি একটি স্পোর্টিং পিচ, যেখানে কেউ অতিরিক্ত সুবিধা পাবে না। লাল মাটি বেশি থাকার মানে কিছুটা বাউন্স থাকবে এবং ব্যাটাররাও সুবিধা পাবেন।’
উল্লেখযোগ্য, ফাইনালের এই উইকেট প্রায় নতুন। চলতি টুর্নামেন্টে এখানে মাত্র দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা ২১৩ রান তুলেছিল, জবাবে ১৫৬ রানে থেমে গিয়েছিল কানাডা। ১৪ ফেব্রুয়ারি কিউইদের ১৭৫ রানের লক্ষ্য ১৭ বল হাতে রেখেই ছাপিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
আহমেদাবাদে ভারত এই টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলেছে। ১৭ ফেব্রুয়ারি ১৯৩ রান তুলেছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। সেই ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৭ রানের জয় পায় তারা। এরপর ২২ ফেব্রুয়ারি সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে একমাত্র পরাজয় স্বীকার করে ভারত; প্রোটিয়াদের ১৮৭ রানের জবাবে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া।