রোববার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জাসপ্রিত বুমরাহ ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন। দলীয় পারফরম্যান্স এবং তার বিধ্বংসী বোলিংয়ে ভারত তৃতীয়বারের মতো আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।
ফাইনাল ম্যাচে বুমরাহ নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দেন, চার উইকেট নিয়ে। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি একটি বিশ্বরেকর্ডও গড়ে ফেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে চার উইকেট নেওয়া তিনিই প্রথম পেসার। ১৫ রান খরচে ৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে নতুন রেকর্ড স্থাপন করেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে চার উইকেটের তালিকায় এখন তিনটি নাম রয়েছে। ২০১২ সালের ফাইনালে অজন্তা মেন্ডিস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪/১২, ২০২১ সালের সেমিফাইনালে শাদাব খান অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪/২৬ এবং ২০২৬ সালের ফাইনালে বুমরাহ নিউজিল্যান্ডের বিপক্ষে ৪/১৫।
এই জয়ে বুমরাহ শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল পেস বোলার হিসেবে নিজের নাম উজ্জ্বল করেছেন। মাত্র ২৬ ম্যাচে তার উইকেট এখন ৪০টি, যেখানে মালিঙ্গা ৩১ ম্যাচে নিয়েছিলেন ৩৮টি।
সামগ্রিকভাবে যদিও তিনি এখনও কিছে স্পিনারের পেছনে আছেন, যারা ৫০ উইকেট অর্জন করেছেন, শীর্ষে আছেন সাকিব আল হাসান।
এদিকে বুমরাহ ১৪টি উইকেট নিয়ে বরুণ চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। তবে নকআউট ম্যাচে তার অসাধারণ পারফরম্যান্সই প্রমাণ করল, কেন তিনি সেরাদের সেরা।