এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেই বড় পরীক্ষার সামনে পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা দুই আসরে ফাইনালে খেলেও শিরোপা জিততে না পারা দলটি এবার শেষ আটেই শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে। ড্রয়ে তাদের প্রতিপক্ষ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। যদিও চলতি মৌসুমে লিভারপুলও বেশ চাপে আছে।
সাতবারের এফএ কাপজয়ী ম্যানচেস্টার সিটির জন্য স্বস্তির বিষয়, কোয়ার্টার ফাইনালের ম্যাচটি হবে তাদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। সেখানে লিভারপুলকে আতিথ্য দেবে পেপ গার্দিওলার দল।
চলতি মৌসুমে দুই দল ইতোমধ্যে দুবার মুখোমুখি হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে লিভারপুলকে ৩-০ গোলে হারায় সিটি। পরে অ্যানফিল্ডেও ২-১ গোলের জয় তুলে নেয় গার্দিওলার শিষ্যরা। আসন্ন ম্যাচটিকে ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হলেও সবমিলিয়ে সিটিই এগিয়ে থাকবে।
অন্যদিকে প্রিমিয়ার লিগের আরও দুই বড় ক্লাব চেলসি ও আর্সেনাল তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে কোয়ার্টার ফাইনালে। পোর্ট ভেল মুখোমুখি হবে চেলসির। সান্ডারল্যান্ডকে হারিয়ে চমক দেখানো এই দলটি ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে।
এদিকে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল শেষ আটে জায়গা নিশ্চিত করে ম্যান্সফিল্ডকে হারিয়ে। ১৪ বারের চ্যাম্পিয়ন গানাররা এবার খেলবে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনের মাঠে। অন্য ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের প্রতিপক্ষ লিডস ইউনাইটেড।
এফএ কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৪ এপ্রিল। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচগুলো।