ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সফল কোচিং অধ্যায় শিগগিরই শেষ হতে যাচ্ছে; ৫৫ বছর বয়সী স্প্যানিশ কোচ আবারও এমন ইঙ্গিত দিয়েছেন। ২০১৬ সালে সিটির কোচের দায়িত্ব নেয়ার পর তিনি ইংলিশ ফুটবলের চিত্রই বদলে দিয়েছেন। যদিও তার চুক্তি ২০২৭ সাল পর্যন্ত রয়েছে, তবুও আগেভাগে সরে যাওয়ার গুঞ্জন দিন-দিন জোরালো হচ্ছে।
ক্লাব কর্তৃপক্ষ গত ডিসেম্বর থেকে ভবিষ্যতের পরিকল্পনা শুরু করেছে। শোনা যাচ্ছে, গার্দিওলার সাবেক সহকারী ও চেলসির সাবেক কোচ এনজো মারেস্কাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে, কিংবা গার্দিওলা নিজেই ক্লাবের পর্দার আড়ালের কোনো ভূমিকায় যেতে পারেন।
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার সিটির হয়ে অসাধারণ সাফল্য অর্জনের পর গার্দিওলা ইঙ্গিত দিয়েছেন, এই মৌসুমের পরই হয়তো তিনি বিরতি নিতে পারেন। গত জুলাইয়েও তিনি বলেছিলেন, ‘আমি জানি, সিটির সঙ্গে এই অধ্যায় শেষ হওয়ার পর আমি থামব। এটা নিশ্চিত, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। কতদিন বিরতি নেব জানি না, কিন্তু সিটির পর আমি থামব, কারণ আমাকে নিজের দিকে মনোযোগ দিতে হবে।’
বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগেও এ বিষয়ে কথা বলেছেন গার্দিওলা। ম্যাচটিতে তার দল ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের মাঠে ৩–০ গোলে হেরে যায়, যেখানে ফেদেরিকো ভালভার্দে হ্যাটট্রিক করেন। এলিট পর্যায়ে দীর্ঘদিন কোচিং করার মানসিক চাপই এখন তার বিদায় চিন্তাকে প্রভাবিত করছে বলে জানান তিনি।
টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, ‘এই ধরনের ম্যাচগুলো অবশ্যই আমি মিস করব। এই জায়গাটার প্রতি আমার অসাধারণ ভালোবাসা আছে। এখানে আসতে আমার ভালো লাগে। মাদ্রিদের মানুষ হয়তো তা আশা করে না, কিন্তু এই ক্লাবের প্রতি আমার অনেক সম্মান আছে।’
তিনি আরও বলেন, ‘আমি ক্যাম্প ন্যুয়ে না যাওয়াটা মিস করব, বায়ার্ন মিউনিখে যাওয়াও মিস করব। আশা করি আমরা এগিয়ে যেতে পারব এবং আবার সেখানে যেতে পারব। এই রাতগুলো আমি মিস করব, কারণ এগুলো সত্যিই বিশেষ।’
ইংল্যান্ডের স্টেডিয়ামগুলোর পরিবেশও তার খুব প্রিয়। তিনি বলেন, ‘আমি সেলহার্স্ট পার্ককেও মিস করব, আমি এটা খুব ভালোবাসি। প্রিমিয়ার লিগের এই স্টেডিয়ামগুলো… গুডিসন পার্ক; এই মাঠগুলোই ইংল্যান্ডকে ভালোবাসার অন্যতম কারণ। এফএ কাপের ম্যাচগুলোও দারুণ লাগে, বিশেষ করে যখন লিগ ওয়ানের দলগুলোর বিপক্ষে খেলতে হয়। কিন্তু একদিন তো সবকিছু শেষ হবেই, তাই না?’
যদি এই মৌসুমটাই গার্দিওলার শেষ হয়, তবে তিনি চান সিটির সঙ্গে তার অসাধারণ অধ্যায়টি আরও ট্রফি জিতে শেষ করতে। বর্তমানে প্রিমিয়ার লিগে সিটি দ্বিতীয় স্থানে আছে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে তার দল। সিটির হয়ে তিনি ছয়বার প্রিমিয়ার লিগ জিতেছেন।