কিলিয়ান এমবাপ্পে কবে মাঠে ফিরতে পারবেন? এ বিষয়ে এখনো পরিষ্কার কিছু জানায়নি রিয়াল মাদ্রিদ। ক্লাবটির পক্ষ থেকে নির্দিষ্ট সময়সীমাও জানানো হয়নি। তবে নিশ্চিত হয়েছে, আপাতত দলের বাইরে থাকতে হচ্ছে এই ফরাসি তারকাকে।
লা লিগায় আজ শনিবার এলচের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ আলভারো আরবেলোয়া জানান, আসন্ন ম্যাচে এমবাপ্পে খেলবেন না।
চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে দুর্দান্ত ছন্দে আছেন ফুটবলের মহাতারকা এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে করেছেন ৩৮ গোল। তবে হাঁটুর পুরনো সমস্যার কারণে তিনি শেষ দুটি লা লিগা ম্যাচ এবং চ্যাম্পিয়নস লিগের দুটি ম্যাচে মাঠে নামতে পারেননি। শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। তবে ফিরতি লেগটি হবে ইংল্যান্ডে সিটির মাঠে। তাই সেই ম্যাচকে সামনে রেখে সতর্ক অবস্থান নিয়েছে রিয়াল শিবির।
এই প্রসঙ্গে আরবেলোয়া বলেন, ম্যানচেস্টার সফরের আগে এমবাপ্পেকে প্রস্তুত দেখতে চান তিনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান রিয়ালের কোচ। তার আশা, গুরুত্বপূর্ণ সেই ম্যাচে হয়তো মাঠে ফিরতে পারবেন ফরাসি এই ফরোয়ার্ড।
এমবাপ্পে শুধু রিয়াল মাদ্রিদের জন্যই নয়, ফ্রান্স দলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তিন মাস পরই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ৫৫ গোল করেছেন তিনি। ২০১৮ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ককে ঘিরে তাই দুশ্চিন্তা রয়েছে ফরাসি শিবিরেও।
২০২২ বিশ্বকাপেও দলের ফাইনালে ওঠার পথে সবচেয়ে বড় ভূমিকা ছিল এমবাপ্পের। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেও শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া হয় ফ্রান্সের।