ঘরের মাঠে এভারটনের বিপক্ষে আক্রমণের পর আক্রমণ করেও যখন গোল দেখা মিলছিল না আর্সেনালের, তখন এমিরেটস স্টেডিয়ামে ধীরে ধীরে হতাশা বাড়ছিল সমর্থকদের মধ্যে। একের পর এক ক্রস, দূরপাল্লার শট; সবই থাকলেও গোলের দেখা মিলছিল না। মনে হয়েছিল এত দাপট দেখিয়েও হয়তো পয়েন্ট হারাতে হবে গানারদের। ৮৯ মিনিটে গিয়োকেরেশের গোলের পর ম্যাচের শেষ দিকে আরও একবার বদলে যায় ম্যাচের দৃশ্যপট। বেঞ্চ থেকে উঠে এসে মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরই যেন লিখে দিলেন নতুন গল্প। তার জাদুকরী উপস্থিতিতে শেষ মুহূর্তে দুই গোল করে এভারটনের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় আর্সেনাল। একই দিনে হারের মুখ দেখেছে চেলসি।
শনিবার (১৪ মার্চ) এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর শেষ ৮ মিনিটেই জয়ের পথ খুঁজে পায় আর্সেনাল। ৮৯ মিনিটে গোলের সূচনা করেন ভিক্টর গিয়োকেরেশ। তবে গোলটির নেপথ্যেও বড় ভূমিকা ছিল তরুণ মিডফিল্ডার ম্যাক্স ডাউম্যানের। তার নেওয়া নিখুঁত ফ্রিকিক সামাল দিতে গিয়ে ভুল করেন এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। বল ফাঁকা জায়গায় পড়ে গেলে তা কাজে লাগিয়ে জালে পাঠান গিয়োকেরেশ।
এরপর যোগ করা সময়ে নিজের নামও স্কোরশিটে তোলেন ডাউম্যান। এভারটনের সব খেলোয়াড় তখন ফ্রিকিক নিতে আর্সেনালের অর্ধে উঠে গিয়েছিল। সুযোগ বুঝে নিজেদের অর্ধ থেকে দ্রুতগতিতে বল নিয়ে এগিয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি। এই গোলের মাধ্যমে ১৬ বছর ৭৩ দিন বয়সে প্রিমিয়ার লিগে গোল করে ইতিহাস গড়েছেন ডাউম্যান। তিনি এখন লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা।
ম্যাচে বলের দখল আর আক্রমণে পুরো সময়ই আধিপত্য ছিল আর্সেনালের। ৬৫ শতাংশ পজেশন রেখে ২৫টি শট নেয় গানাররা, যার ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে এভারটন ৯টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে। তবে প্রতিআক্রমণে টফিদের আক্রমণগুলো বেশ বিপজ্জনকই ছিল।
গোল না পাওয়ায় ৭৪ মিনিটে কোচ মিকেল আরটেটা জুবিমেন্দির বদলে মাঠে নামান ডাউম্যানকে। আর এরপর থেকেই আর্সেনালের আক্রমণে নতুন গতি আসে। এই জয়ে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে আর্সেনাল। অন্যদিকে ৩০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে এভারটন রয়েছে অষ্টম স্থানে।
দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। ম্যাচের ১৮ মিনিটেই একমাত্র গোলটি করেন অ্যান্থনি গর্ডন। এই হারের ফলে ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চেলসি। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে নিউক্যাসল।