ক্যাম্প ন্যুর আলোয় ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি বার্সেলোনা ও নিউক্যাসল ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করতে মাঠে নামছে দুই দল। খেলা শুরু হবে আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে।
শেষ ষোলোর প্রথম লেগে সেন্ট জেমস পার্কে দারুণ খেলেছিল নিউক্যাসল। তবে ম্যাচে আধিপত্য থাকা সত্ত্বেও লিড নিতে পারেনি ইংলিশ ক্লাবটি। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে ১-১ ড্র উপহার দেন লামিন ইয়ামাল। এরপর দুই দলই সপ্তাহের শুরুর দিকে জয় পেয়েছে। নিউক্যাসল অ্যাওয়ে ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে। বার্সেলোনা ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে সেভিয়াকে, ফলে লা লিগায় শীর্ষস্থানের দাপট বজায় রেখেছে।
দ্বিতীয় লেগে ইংলিশ ক্লাব নিউক্যাসল আত্মবিশ্বাসী হলেও ক্যাম্প ন্যুতে বার্সেলোনা একেবারেই ভিন্ন এক দল; শেষ পর্যন্ত কে জিতবে, সেটিই দেখার বিষয়। বার্সার ঘরের মাঠের প্রতিকূল পরিবেশে জিততে হলে নিউক্যাসলকে নিখুঁত পারফরম্যান্স দেখাতে হবে। কিছু ইনজুরি সমস্যা থাকলেও নিজের মাঠে বার্সেলোনা সব সময় ভয়ঙ্কর; মুহূর্তের মধ্যে যে কোনো দলকে উড়িয়ে দিতে পারে তারা। সম্প্রতি অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেটিই দেখা গেছে। টানা ১২টি ঘরের মাঠের ম্যাচ জিতেছে হান্সি ফ্লিকের দল। ২০২৬ সালের শুরু থেকে শেষ ৭টি ঘরের মাঠের জয়ের প্রতিটিতেই অন্তত ৩টি করে গোল করেছে তারা।
নিউক্যাসল সুযোগ পাবে ঠিকই; তবে ম্যাচের চিত্র প্রথম লেগের সম্পূর্ণ উল্টোও হতে পারে। ইউরোপের অন্যতম শক্তিশালী আক্রমণের সামনে তাদের রক্ষণভাগকে বড় পরীক্ষায় পড়তে হবে। যা সামলানো নিউক্যাসল বস এডি হাওয়ের দলের জন্য কঠিন। সম্প্রতি চেলসির বিপক্ষে ক্লিনশিট পেলেও, তার আগে ১২ ম্যাচে তারা হজম করেছে ২৫ গোল, যা বার্সার আক্রমণের সামনে বড় দুশ্চিন্তার বিষয়।