পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে আনন্দ আর শুভেচ্ছার বার্তায় ভরে উঠেছে বিশ্ব। সেই ধারায় এবার নিজের ভক্তদেরও ভুলে যাননি পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি ছড়িয়ে দিয়েছেন ভালোবাসা, শান্তি আর আনন্দের বার্তা।
রোনালদো লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আশা করি পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দারুণ একটি দিন কাটাবেন। সবার জন্য শান্তি ও সুখ কামনা করছি।’
বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের কাছে এই বার্তা মুহূর্তেই পৌঁছে যায়। পোস্টটি ছড়িয়ে পড়ে দ্রুত, আর ভক্তদের ভালোবাসা আর প্রতিক্রিয়ায় ভরে ওঠে কমেন্ট সেকশন। অনেকেই এটিকে দেখছেন রোনালদোর মানবিক দিকের আরেকটি উদাহরণ হিসেবে; যেখানে ধর্ম-বর্ণের ভেদাভেদ ছাড়িয়ে তিনি যুক্ত হয়েছেন বৈশ্বিক উৎসবের আনন্দে।
এর আগেও ব্যক্তিগত মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দেখা গেছে এই তারকাকে। সম্প্রতি বাবা দিবসে তিনি স্মরণ করেছিলেন তার প্রয়াত বাবা হোসে দিনিস আভেইরোকে। ২০০৫ সালে লিভারের জটিলতায় বাবাকে হারান রোনালদো, তখন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যারিয়ারের শুরুর সময় পার করছিলেন। সেই কঠিন সময়ে তার পাশে ছিলেন তৎকালীন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন, যিনি শুধু কোচ নয়, একজন অভিভাবকের মতোই সহায়তা করেছিলেন তাকে।