বাংলাদেশ ক্রিকেটে আবারও বড় পরিবর্তনের আভাস মিলছে, আর সেটি ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক দুই অধিনায়ক। বোর্ডের ভেতরে দায়িত্ব বদলের এই ধারাবাহিকতায় নতুন করে সাজানো হচ্ছে গেম ডেভলেপমেন্ট কমিটি ও নির্বাচক প্যানেল।
সবশেষ নির্বাচনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভলেপমেন্ট কমিটির চেয়ারম্যান হন ইসতিয়াক সাদেক। তবে তিনি পদত্যাগ করায় সেই দায়িত্ব এখন পালন করছেন আসিফ আকবর। আর এই কমিটির হেড অব অপারেশন্স হিসেবে কাজ করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
কিন্তু এখানেই শেষ নয়, সামনে আসছে আরও বড় পরিবর্তন। জানা যাচ্ছে, প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে যাচ্ছেন হাবিবুল বাশার নিজেই। যদি সেটি চূড়ান্ত হয়, তাহলে গেম ডেভলেপমেন্ট কমিটির হেড অব অপারেশন্স পদটি খালি হয়ে যাবে। এই জায়গাতেই উঠে আসছে আরেক পরিচিত নাম, মিনহাজুল আবেদীন নান্নু। জাতীয় দলের সাবেক এই অধিনায়কই হতে পারেন নতুন হেড অব অপারেশন্স। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিক নয়, তবে বোর্ডের ভেতরে এমন আলোচনা জোরেশোরেই চলছে।
প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েও একসময় আলোচনায় ছিলেন নান্নু। এমনকি তিনি আবেদন করতে পারেন বলেও শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই পথে হাঁটেননি তিনি। গেম ডেভলেপমেন্ট কমিটিতে কাজ করার সম্ভাবনা নিয়ে নান্নু নিজেও খুব সতর্ক অবস্থান নিয়েছেন। তার ভাষায়, ‘বিসিবি থেকে এখনও কোনো কিছু জানতে পারিনি। যদি প্রস্তাব আসে অবশ্যই ভেবে দেখব। কারণ এখানে কাজ করার জায়গা রয়েছে। দেখি এ বিষয়ে হয়তো তাড়াতাড়ি জানতে পারব।’
উল্লেখযোগ্য বিষয় হলো, নান্নু ও বাশার দুজনই আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন। ২০২৪ সালের শুরুতে তাদের সরিয়ে দিয়ে প্রধান নির্বাচক করা হয় গাজী আশরাফ হোসেন লিপু-কে। তার সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদও শেষ হচ্ছে এই মাসেই।
সব মিলিয়ে, বোর্ডের ভেতরে চলছে নতুন করে দায়িত্ব বণ্টনের প্রস্তুতি। কে কোন জায়গায় বসবেন, তা এখন সময়ই বলে দেবে।