সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনা আর বিভ্রান্তির মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাইমা রহমানকে ঘিরে সাম্প্রতিক বক্তব্য নিয়ে ভুল ব্যাখ্যা হচ্ছে বলেই তিনি মনে করছেন।
তিনি জানান, জাইমা রহমান লন্ডনে স্কুলে পড়ার সময় নিয়মিত ফুটবল খেলতেন। সেখান থেকেই চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে খেলার সুযোগ এসেছিল। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক বলেন, বিষয়টি তিনি নিজে শুনেছেন তারেক রহমানের মুখ থেকেই।
তবে সেই সুযোগ শেষ পর্যন্ত এগোয়নি। আমিনুল হক উল্লেখ করেন, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মেয়েকে লেখাপড়ায় বেশি মনোযোগী হতে বলেছিলেন। ফলে খেলাধুলার সম্ভাবনা থাকা সত্ত্বেও জাইমা শেষ পর্যন্ত শিক্ষাজীবনকেই অগ্রাধিকার দেন।
নিজের বক্তব্যের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে প্রতিমন্ত্রী একটি ব্যক্তিগত স্মৃতিও তুলে ধরেন। মিরপুরে এক ম্যাচ দেখতে গিয়ে জাইমার সঙ্গে তার গোলকিপিং নিয়ে কথা হয়েছিল। সেই সময় জাইমা তাকে বলেছিলেন, ‘আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম।’

আমিনুল হক বলেন, ইউরোপে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ অংশ। জাইমা রহমানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি; খেলাধুলার প্রতি আগ্রহ ছিল, দক্ষতাও ছিল। তবে পরিবারের সিদ্ধান্তে তিনি পড়াশোনাকেই প্রাধান্য দিয়েছেন।
সবশেষে তিনি স্পষ্ট করেন, তার বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই কারণেই পুরো বিষয়টি খোলাসা করে সামনে এনেছেন তিনি।