ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা একদমই ভালো যাচ্ছে না চেলসির। মাঠের পারফরম্যান্স যেমন হতাশাজনক, তেমনি মাঠের বাইরেও ধাক্কা খাচ্ছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। সবশেষ পাঁচ ম্যাচে তিন হার আর মাত্র এক জয়ে ছন্দ হারানো দলটি এবার গড়ল ইংলিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি লোকসানের রেকর্ড।
এক বিবৃতিতে চেলসি জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমে কর দেওয়ার আগে তাদের লোকসানের পরিমাণ ২৬ কোটি ২৪ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ৪ হাজার ২৯১ কোটি টাকার বেশি। ইংলিশ ফুটবলের ইতিহাসে এক মৌসুমে এত বড় লোকসান এর আগে আর কোনো ক্লাব দেখেনি।
এর আগে ২০১১ সালে ১৯ কোটি ৭৫ লাখ পাউন্ড লোকসানের ঘোষণা দিয়েছিল ম্যানচেস্টার সিটি। এছাড়া আরও দুই মৌসুমে ১৫ কোটি পাউন্ডের বেশি লোকসান করেছে চেলসি। ২০২৩ সালে ১৫ কোটি ৫৯ লাখ পাউন্ড এবং ২০২১ সালে ১৫ কোটি ৫০ লাখ পাউন্ড।
সবচেয়ে অবাক করা বিষয় হলো, এমন লোকসানের মৌসুমেও সাফল্য পুরোপুরি ফাঁকা ছিল না। ২০২৪-২৫ মৌসুমে ইউয়েফা কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতেছে চেলসি। প্রিমিয়ার লিগ শেষ করেছে ৪ নম্বরে থেকে, যার সৌজন্যে ৪৯ কোটি ৯ লাখ পাউন্ড রাজস্ব আয় করেছে ক্লাবটি। তবুও হিসাবের খাতায় লোকসানের অঙ্কই শেষ পর্যন্ত সবকিছুকে ছাপিয়ে গেছে।
এই বিশাল লোকসানের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে দল গঠনে বিপুল ব্যয়। ২০২২ সালে ব্লুকো মালিকানা নেওয়ার পর থেকে খেলোয়াড় কেনাকাটায় ১০০ কোটির বেশি পাউন্ড খরচ করেছে চেলসি। বিশেষ করে তরুণ ফুটবলারদের দীর্ঘমেয়াদি চুক্তিতে দলে ভেড়ানোর কৌশল তাদের আর্থিক ভারসাম্যে বড় চাপ তৈরি করেছে।
এর সঙ্গে যোগ হয়েছে আরেক ধাক্কা। চলতি মৌসুমের শুরুতে ব্যয়ের অনুপাত ঠিকভাবে না রাখায় চেলসিকে ২ কোটি ৬৭ লাখ পাউন্ড জরিমানা করেছিল উয়েফা। সব মিলিয়ে মাঠের বাইরে হিসাব-নিকাশে এখন কঠিন সময় পার করছে ক্লাবটি।