লাহোরের ম্যাচে এক মুহূর্তেই থমকে গিয়েছিল সবকিছু। বল ধরতে গিয়ে সতীর্থ আসিফ আলীর সাথে বড় ধরনের ধাক্কা লেগেছিল পারভেজ হোসেন ইমনের। মাঠে তখন উদ্বেগ, গ্যালারিতে নিস্তব্ধতা। আসিফ দ্রুত নিজেকে সামলে নিলেও ইমন পড়ে যান চোট পেয়ে। লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান্সের ম্যাচে সেই দৃশ্য দেখে অনেকেরই মনে যেন কেঁপে উঠেছিল; হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সমর্থকদের।
তবে ভয়টা বেশিক্ষণ স্থায়ী ছিল না। ম্যাচ শেষে স্বস্তির খবর দিয়েছেন লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। তিনি জানান, পরিস্থিতি ততটা গুরুতর নয়, দুজনই এখন ভালো আছেন। অধিনায়ক বলেন, ‘হ্যাঁ তারা দুজনই ভালো আছে।’
চোটের শঙ্কা কাটিয়ে আলোচনায় ফিরে আসে ইমনের ব্যাটিং। ফখর জামানের অনুপস্থিতিতে ওপেনিংয়ে নেমে শুরুতেই আগ্রাসী মেজাজ দেখান তিনি। মাত্র ১৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জন্য শক্ত ভিত গড়ে দেন। তার এমন পারফরম্যান্সে ১৩ ওভারের ম্যাচে ১৮৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় লাহোর, যা শেষ পর্যন্ত সহজ জয় এনে দেয়।
শুধু ইমনই নন, উদ্বোধনী জুটিতে মোহাম্মদ নাঈমও ছিলেন সমান কার্যকর। শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেন এই জুটি। তাদের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়কও।
তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল সিম্পল; মাঠে যাও, নিজের মতো খেলো। ভিন্ন কিছু করতে হবে। এরপর নাঈম ও ইমন যেভাবে শুরু করল ঠিক এটাই আমাদের প্রয়োজন ছিল। তারা কাজটা দারুণভাবে করেছে। আব্দুল্লাহ শফিকও ভালো করেছে।’