বিশ্বকাপের ঠিক আগমুহূর্তেও প্রস্তুতিতে কোনো ঢিল দিতে চাইছে না পর্তুগাল জাতীয় ফুটবল দল। বড় আসরের আগে নিজেদের আরও ঝালিয়ে নিতে একেবারে শেষ দিনে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। তার ঠিক একদিন আগে, ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপের আগে শেষ ধাপে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ৬ জুন চিলির বিপক্ষে প্রথম ম্যাচ, এরপর ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নিজেদের পরীক্ষা দেবে দলটি।
নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচটি হতে পারে লেইরিয়াতে। অন্যদিকে চিলির বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ওয়েইরাসে। সম্প্রতি প্রস্তুতির অংশ হিসেবে দুটি ম্যাচ খেলেছে পর্তুগাল। মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র করার পর যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস কিছুটা ফিরিয়ে এনেছে তারা।
তবে দলটির সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে। ইনজুরির কারণে সর্বশেষ দুটি ম্যাচেই খেলতে পারেননি তিনি, আর বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
আগামী বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে রয়েছে পর্তুগাল। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে তারা। একই গ্রুপে রয়েছে উজবেকিস্তান ও কলম্বিয়া।