টাইব্রেকারের রোমাঞ্চ পেরিয়ে ইতিহাস গড়া যুবাদের জন্য আজ উৎসবের দিন। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা জানাতে জমকালো আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ রাতে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা অনুষ্ঠান। বাফুফে জানিয়েছে, আনুমানিক রাত ৭:৩০ মিনিটে শুরু হবে আয়োজনটি।
এর আগে বিমানবন্দর থেকে আনুমানিক সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিট থেকে শুরু হবে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা। ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়ন দলকে নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি গিয়ে শেষ হবে হাতিরঝিলে। পুরো আয়োজন ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
এই ঐতিহাসিক সাফল্যে দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। তিনিই ছাদখোলা বাসে বিশেষ সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করেছেন। মালদ্বীপের ফাইনালে গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনর বীরত্ব আর রোনান সুলিভানর জয়সূচক শটে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।
দেশের ফুটবলের এই গৌরবময় অর্জন উদযাপনে সাধারণ সমর্থকদেরও আমন্ত্রণ জানিয়েছে বাফুফে। তারা চায়, রাত সাড়ে ৭টায় হাতিরঝিলে উপস্থিত থেকে সবাই মিলে বরণ করে নিক এই নতুন চ্যাম্পিয়নদের।