বিশ্বকাপের সেমিফাইনালের আগেই শুরু হয়েছে স্নায়ুযুদ্ধ খ্যাত কথার লড়াই। স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের অতিআত্মবিশ্বাসী মন্তব্যের জবাব দিয়েছেন ফ্রান্সের ফুটবলাররা। তাদের স্পষ্ট বার্তা, কাউকেই ভয় পায় না ফ্রান্স, মাঠেই হবে সব হিসাব।
আগামী মঙ্গলবার দিবাগত রাতে (১৫ জুলাই) বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচের আগে ইয়ামাল বলেছিলেন, ‘ফ্রান্সের যদি কাউকে ভয় পাওয়ার থাকে, তবে সেটা আমাদেরকেই পাবে।’ একই সঙ্গে তিনি ২০২৪ সালের ইউরো সেমিফাইনালে স্পেনের জয় এবং দুই দলের সাম্প্রতিক লড়াইয়ের কথাও স্মরণ করিয়ে দেন।
তবে স্প্যানিশ এই তারকার মন্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না ফ্রান্স। রোববার ফরাসি ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে বলেন, ‘সত্যি বলতে বাইরে কে কী বলছে তা আমরা শুনছি না। আমাদের কাউকে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিযোগিতার এই পর্যায়ে এসে আমাদের বিনয়ী থাকতে হবে এবং কোনো ফাঁদে পা দেওয়া যাবে না।’
ইয়ামালের বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ও যা খুশি বলতে পারে, আমরা আমাদের সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। ম্যাচের শেষে দেখা যাবে কারা সেরা।’
উল্লেখ্য, ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পাশাপাশি ২০২৫ সালের নেশনস লিগেও ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। ফলে সাম্প্রতিক পরিসংখ্যান স্প্যানিশদের পক্ষেই কথা বলছে।
অন্যদিকে ফরাসি ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়া আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘আমি বলব না যে আমরা ভয়ে আছি। আমরা আমাদের শক্তি সম্পর্কে জানি। এটাও জানি যে স্পেন খুব ভালো একটি দল এবং তারা দুর্দান্ত ফর্মে আছে। আমরা সবসময় জেতার জন্যই খেলি, আর আমাদের পুরো মনোযোগ সেদিকেই থাকবে।’
আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড ম্যাচের জয়ী দলের বিপক্ষে।