অবশেষে স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে জিনেদিন জিদান। বহুদিন ধরে ফ্রান্সের কোচ হওয়ার যে ইচ্ছা তিনি লালন করে আসছেন, সেটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। তবে এর জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। ২০২৬ বিশ্বকাপ শেষ হলেই তাকে প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেবে ফ্রান্স ফুটবল ফেডারেশন।
আগামী ১২ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের পরই ফ্রান্স দলের কোচের পদ ছাড়বেন দিদিয়ের দেশম। অধিনায়ক ও কোচ হিসেবে দেশকে বিশ্বকাপ জেতানো এই সাবেক মিডফিল্ডার আগেই নিজের বিদায়ের কথা জানিয়ে রেখেছেন। তাই এখন জোর গুঞ্জন, তার উত্তরসূরি হচ্ছেন জিদান। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস আরও এক ধাপ এগিয়ে জানিয়েছে, ফ্রান্স ফুটবল ফেডারেশন নাকি ইতিমধ্যেই জিদানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে; এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
খেলোয়াড় হিসেবে ফ্রান্সের জার্সিতে নিজের স্বপ্ন পূরণ করেছিলেন জিদান। ১৯৯৮ বিশ্বকাপ জয়ের পাশাপাশি একই বছরে জিতেছিলেন ব্যালন ডি’অর। ২০০৬ সালে ফুটবলকে বিদায় জানিয়ে কোচিং ক্যারিয়ারেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তিনি।
অনেক বড় ক্লাব থেকে প্রস্তাব এলেও জিদান সাড়া দিয়েছেন মাত্র একটি ক্লাবের ডাকে, তার প্রিয় রিয়াল মাদ্রিদ। দুই দফায় দলটির কোচের দায়িত্ব পালন করেন তিনি। প্রথম মেয়াদেই রিয়ালকে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে ইতিহাস গড়েন ৫৩ বছর বয়সী এই কোচ।
এরপরও বহু ক্লাব তাকে দলে টানতে চাইলেও রাজি হননি জিদান। কারণ একটাই, ফ্রান্স দলের কোচ হওয়ার স্বপ্ন। সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে এবার। বিশ্বকাপ শেষে কিলিয়ান এমবাপ্পে ও উসমান ডেম্বেলেদের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি, শুরু হতে যাচ্ছে জিদানের নতুন অধ্যায়।