সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ ফুটবল দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। আজ সোমবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। নগদ অর্থের পাশাপাশি তাদের প্রত্যেককে বিশেষ ক্রীড়া কার্ড ও সম্মাননা ক্রেস্টও দেওয়া হয়।
উচ্ছ্বসিত অধিনায়ক মিঠু চৌধুরী সংবর্ধনা পেয়ে বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম কোনো ফুটবল দল হিসেবে আমরা এই শিরোপা জিতলাম। আমাদের দলের সকল খেলোয়াড়ের একটি বড় ইচ্ছা আছে। আমরা চাই এই ট্রফিটি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে। উনার সাথে দেখা করে আমাদের অর্জনের আনন্দ ভাগ করে নিতে চাই।’
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের প্রশংসা করে মিঠু বলেন, ‘তাবিথ আউয়াল স্যার আমাদের অনেক খেয়াল রাখছেন এবং আমাদের সব দাবি-দাওয়া পূরণ করছেন। জাতীয় দলের সঙ্গে আমাদেরকেও ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থা করেছেন। ফেডারেশনের এমন সুযোগ-সুবিধা ও পরিচর্যা পেলে আমরা ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো ফলাফল আনতে পারব।’