চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনাল ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই বায়ার্ন মিউনিখ শিবিরে এলো বড় স্বস্তির খবর। রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগের আগে চোট কাটিয়ে দলে ফিরেছেন দলের প্রধান ভরসা ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে তার ফেরা যেন নতুন করে শক্তি জোগাচ্ছে জার্মান জায়ান্টদের।
আন্তর্জাতিক বিরতির সময় ইংল্যান্ড দলে থাকাকালীন অ্যাঙ্কেলে চোট পান কেইন। সেই চোটের কারণেই গত শনিবার বুন্দেসলিগায় ফ্রেইবুর্কের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে তাকে পাওয়া যায়নি। ফলে রিয়ালের বিপক্ষে তার খেলা নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। তবে সেই অনিশ্চয়তা এখন কেটে গেছে, ৩২ বছর বয়সী এই তারকা আবারও প্রস্তুত মাঠে নামার জন্য।
দলের ক্রীড়া পরিচালক মাক্স এবার্ল অবশ্য শুরু থেকেই সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘শুরুর একাদশে খেলবে কি-না, তা কোচ কম্পানি সিদ্ধান্ত নেবেন। তবে কেইন শেষ অনুশীলনে অংশ নিয়েছে এবং নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করছে।’
চলতি মৌসুমে বায়ার্নের জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে করেছেন ৪৮ গোল, সঙ্গে রয়েছে ৫টি অ্যাসিস্ট। শুধু চ্যাম্পিয়নস লিগেই ৯ ম্যাচে তার গোল ১০টি। ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৩৬ ম্যাচে ১৩৩ গোল করে নিজের ধারাবাহিকতা প্রমাণ করেছেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশের সময় দিবাগত রাত একটায় সান্তিয়াগো বার্নাব্যুয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচে কেইনের উপস্থিতি শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার অপেক্ষা।