সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার কেন্দ্রে উঠে এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘যেহেতু এখন দলের (আওয়ামী লীগের) কার্যক্রম নেই, তাই ক্রিকেট চালিয়ে যাচ্ছি। দলীয় কার্যক্রম শুরু হলে রাজনীতিতে ফিরে আসার সুযোগ থাকবে।’— এই বক্তব্য প্রকাশের পর থেকেই তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
তবে বিষয়টি নিয়ে তৈরি হওয়া নানা ব্যাখ্যা ও বিভ্রান্তির প্রেক্ষিতে গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে অবস্থান পরিষ্কার করেন সাকিব। সেখানে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।’
রাজনীতি প্রসঙ্গেও নিজের ভাবনা তুলে ধরেন এই অলরাউন্ডার। তিনি লেখেন, ‘একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।’
ক্যারিয়ারের শেষ অধ্যায়ে নিজের লক্ষ্য নিয়েও কথা বলেন তিনি। সাকিব লেখেন, ‘আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’