ক্রিকেট মাঠে তার পরিচয় অনন্য, এবার সেই পরিচয়ের বাইরে নতুন এক জগতে পা রাখতে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার শুরু করতে যাচ্ছেন নিজস্ব ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম ‘বিয়ন্ড বাংলা (Beyond Bangla), যা তার ক্যারিয়ারের এক ভিন্নধর্মী অধ্যায়ের সূচনা।
৩৯ বছর বয়সী সাবেক অধিনায়ক জানিয়েছেন, এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হবে সঠিক সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সংবাদ এখন অনেকভাবেই উপস্থাপিত হয়। কিন্তু অনেক সময় প্রকৃত ঘটনা মানুষের আড়ালেই থেকে যায়। খবরের পেছনের আসল সত্যটা বের করে আনাই আমাদের প্রধান উদ্দেশ্য।’
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সফল এক ক্যারিয়ার গড়ার পর এবার মিডিয়া পাবলিশার হিসেবে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চান সাকিব। তবে অবাক করার বিষয়, এত বড় একটি উদ্যোগ কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা থেকে আসেনি। তার ভাষায়, ‘এটি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল না। সাধারণ আলাপ-আলোচনার মাধ্যমেই বিষয়টি সামনে আসে এবং ধীরে ধীরে এটি একটি পূর্ণাঙ্গ রূপ নেয়।’
ক্রিকেটারের নিজস্ব প্ল্যাটফর্ম হওয়ায় খেলাধুলা এখানে বিশেষ গুরুত্ব পাবে এটা স্বাভাবিকই। তবে শুধু স্পোর্টস নয়, সমসাময়িক বিশ্ব পরিস্থিতি ও নানা গুরুত্বপূর্ণ ইস্যুতেও কাজ করবে ‘বিয়ন্ড বাংলা’। অর্থাৎ, এটি হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ সংবাদমাধ্যম।
প্ল্যাটফর্মটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জুলফিকার রাসেল, যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও অভিজ্ঞ সাংবাদিক। তিনি এই উদ্যোগকে সময়োপযোগী এবং ইতিবাচক বলে মনে করছেন।
বর্তমানে ওয়েবসাইটের কাঠামো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে শুরুতেই পূর্ণাঙ্গভাবে চালু না করে কয়েক মাস ‘টেস্ট রান’ চালানো হবে। এই সময়ের মধ্যে কনটেন্টের মান ও সম্পাদকীয় কাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
শুরুর দিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলাভাষী পাঠকদের লক্ষ্য করে যাত্রা শুরু করলেও, ভবিষ্যতে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সংবাদ প্রকাশের পরিকল্পনা রয়েছে ‘বিয়ন্ড বাংলা’র।