আশা জাগিয়েও শেষটা নিজেদের করে নিতে পারল না রিয়াল মাদ্রিদ। নাটকীয়তা, উত্তেজনা আর গোলের বন্যায় ভরা এক ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৪-৩ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে লস ব্লাঙ্কোসরা। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জার্মান জায়ান্টরা।
তবে ম্যাচের উত্তেজনা শুধু গোলেই সীমাবদ্ধ থাকেনি। মাঠেই নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে পড়েন রিয়ালের দুই বড় তারকা জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়র, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আলোচনায়।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ৮৩ মিনিটে ঘটে এই ঘটনা। তখন দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ছিল ৪-৪ সমতায়। ঠিক সেই সময় একটি আক্রমণে বেলিংহামকে পাস না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ইংলিশ মিডফিল্ডার।
পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। ভিনিসিয়ুসও পাল্টা রাগ দেখান এবং বেলিংহামকে উদ্দেশ্য করে বলেন,
‘তুমি কী চাও? কী চাও? চুপ করো, মুখ বন্ধ রাখো।’ এই ঘটনাই যেন প্রতিফলন ছিল পুরো ম্যাচের চাপ, উত্তেজনা আর ভুল সিদ্ধান্তে ভরা এক লড়াই।
ম্যাচে অবশ্য শুরুটা আশাব্যঞ্জকই ছিল রিয়ালের জন্য। আর্দা গুলার ও কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়েও গিয়েছিল তারা। মনে হচ্ছিল, ম্যাচটা অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি।
গুরুত্বপূর্ণ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কামাভিঙ্গা। সংখ্যায় পিছিয়ে পড়ার পরপরই দুই গোল হজম করে বসে রিয়াল, আর সেখানেই শেষ হয়ে যায় তাদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন।