ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএলে) চেলসির দুঃসময় যেন কাটছেই না। নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজেও স্বস্তি মিলল না ব্লুজদের। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে হারতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। টানা চতুর্থ পরাজয়ে হতাশার ছায়া আরও ঘন হলো লন্ডনের ক্লাবটিতে। বিপরীতে এই জয়ে শীর্ষ চারে থাকার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল ইউনাইটেড।
শনিবারের দিবাগত রাতের ম্যাচে শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরে যায়। ব্রুনো ফার্নান্দেসের চমৎকার পাস থেকে সুযোগ তৈরি হয়, আর সেটিকে কাজে লাগিয়ে জয়সূচক গোলটি করেন ম্যাথিউস কুনিয়া। চলতি মৌসুমে এটি ছিল ফার্নান্দেসের ১৮তম অ্যাসিস্ট।
শুরুর দিকে বল দখলে এগিয়ে থাকলেও চেলসির আক্রমণে ধার ছিল না। এনজো ফার্নান্দেজ একটি ভালো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন। ঠিক এরপরই ইউনাইটেড আঘাত হেনে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালায় চেলসি। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা। মোট ১৫টি শট নিয়ে মাত্র একবার লক্ষ্যে রাখতে পেরেছে দলটি। লিয়াম ডেলাপ ও ওয়েসলি ফোফানার শট পোস্টে লেগে ফিরে আসে, শেষদিকে মইসেস কাইসেদোও গোলের খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হন।
অন্যদিকে রক্ষণভাগে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও দারুণ দৃঢ়তা দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লুক শ ও ডিয়োগো দালোতের মতো ফুটবলাররা প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দলকে জয় এনে দেন।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে থাকা চেলসির চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেছে ইউনাইটেড। পরিসংখ্যান বলছে, তাদের শীর্ষ চারে থেকে ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতায় খেলার সম্ভাবনা এখন প্রায় নিশ্চিত। আর চেলসির জন্য শীর্ষ পাঁচে শেষ করার পথটা হয়ে গেল আরও কঠিন।