আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন অভিষেক শর্মা। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ৪৭ বলেই তিনি আরেকটি ঝোড়ো সেঞ্চুরির ইনিংস খেলেছেন, যা তার আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় শতরান।
এই ইনিংসের মাধ্যমে বিশেষ এক মাইলফলক ছুঁয়ে ফেলেছেন অভিষেক। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শতরানের তালিকায় তিনি এখন যৌথভাবে শীর্ষে। ৮টি সেঞ্চুরি নিয়ে আগে এগিয়ে ছিলেন রোহিত শর্মা, আর নবম সেঞ্চুরি করে অভিষেক ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকেও।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক। অফ স্পিনের বিরুদ্ধে আগের ব্যর্থতা কাটিয়ে এদিন আত্মবিশ্বাসী ব্যাটিং করেন। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেন ১৩৫ রান। তার ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ৪টি চার, স্ট্রাইক রেট ছিল প্রায় ২০০।
ইনিংস চলাকালীন দুইবার জীবন পান অভিষেক; একবার নীতিশ রানা তার ক্যাচ ফেলেন। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে ২৫ বলে অর্ধশতরান করেন, এরপর আরও দ্রুতগতিতে সেঞ্চুরিতে পৌঁছে যান।
এদিন আরেকটি বড় রেকর্ড গড়েন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২০০০ রান পূর্ণ করেন অভিষেক, যা করতে তার লেগেছে ৮০ ম্যাচ। এর আগে এই ক্লাবে ২০০০ বা তার বেশি রান করেছিলেন ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান ও কেন উইলিয়ামসন।
ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪২ রান তোলে হায়দরাবাদ। ট্রাভিস হেড করেন ৩৭ রান, ঈশান কিষাণ করেন ২৫। শেষদিকে হেনরিখ ক্লাসেনের ১৩ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংস অভিষেককে দারুণ সঙ্গ দেয়।