ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ নতুন মাত্রা যোগ করলেন ফুটবল বিশ্বের তারকা জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডার এবার ক্রিকেটে বিনিয়োগ করে বার্মিংহাম ফিনিক্সের মালিকানায় যুক্ত হয়েছেন। ২০২৬ সালের জানুয়ারিতে সম্পন্ন হওয়া এক চুক্তির মাধ্যমে তিনি দলটির ১.২ শতাংশ শেয়ার কিনেছেন, যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ পাউন্ড।
এই বিনিয়োগের ফলে বার্মিংহাম ফিনিক্সের মালিকানা কাঠামোতেও কিছু পরিবর্তন এসেছে। স্বাগতিক ওয়ারউইকশায়ার কাউন্টি ক্লাব এখনও সংখ্যাগরিষ্ঠ মালিক হিসেবে ৫০.৪ শতাংশ শেয়ার ধরে রেখেছে। অন্যদিকে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্টের দখলে রয়েছে ৪৮.৪ শতাংশ শেয়ার।
বার্মিংহামে বেড়ে ওঠা বেলিংহামের জন্য এই বিনিয়োগ শুধু ব্যবসায়িক নয়, আবেগেরও। তিনি বার্মিংহাম সিটির একাডেমি থেকে উঠে এসে মাত্র ১৬ বছর বয়সে ক্লাবটির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক করেন। পরে বরুশিয়া ডর্টমুন্ড হয়ে ২০২৩ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং এখন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা।
শুধু ফুটবল নয়, ক্রিকেটের সঙ্গেও তার সম্পর্ক পুরোনো। কিশোর বয়সে স্থানীয়ভাবে ক্রিকেট খেলেছেন তিনি এবং নিজেকে সবসময় এই খেলাটার ভক্ত হিসেবেই পরিচয় দিয়েছেন। নিজের শহরের সঙ্গে যুক্ত থাকার অংশ হিসেবেই তিনি এই বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন।
এদিকে বার্মিংহাম ফিনিক্সের স্কোয়াডেও এসেছে নতুন চমক। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ২০২৬ মৌসুমে দলে যুক্ত হয়েছেন ১ লাখ পাউন্ডে। একই ড্রাফটে থাকা স্পিনার রিশাদ হোসাইন অবশ্য দল পাননি। মোস্তাফিজের সঙ্গে দলে থাকছেন জ্যাকব বেথেল, ক্রিস ওকস, উসমান কাদির ও ডোনোভান ফেরেইরা। পুরুষ দলের অধিনায়ক জ্যাকব বেথেল এবং নারী দলের দায়িত্বে আছেন এলিসা পেরি।
বার্মিংহাম ফিনিক্স এখনো পর্যন্ত শিরোপা জিততে পারেনি। তবে বেলিংহামের মতো বিশ্ব তারকার বিনিয়োগ এবং মোস্তাফিজের মতো আন্তর্জাতিক ক্রিকেটারের যোগদান দলটির জন্য নতুন আশার জন্ম দিয়েছে। আগামী ২১ জুলাই শুরু হচ্ছে ‘দ্য হান্ড্রেড’-এর নতুন আসর, যেখানে ফুটবল ও ক্রিকেটের এই সংযোগ আরও আলোচনায় আসবে।