লা লিগা শিরোপার লড়াইয়ে আবারও বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারানোর ম্যাচে আরও বড় দুশ্চিন্তা হয়ে এসেছে কিলিয়ান এমবাপ্পেরর চোট।
ম্যাচের শেষ দিকে হঠাৎই অস্বস্তি অনুভব করেন এমবাপ্পে। ৮১ মিনিটে তাকে তুলে নেন কোচ আলভারো আরবেলোয়া, তার বদলে মাঠে নামেন গনসালো গার্সিয়া। মাঠ ছাড়ার পর তিনি সরাসরি ড্রেসিংরুমে চলে যান, যা রিয়াল শিবিরে উদ্বেগ আরও বাড়িয়েছে।
ম্যাচ শেষে কোচ জানান, ‘এমবাপের ঠিক কী হয়েছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। আগামী কয়েক দিন আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করব।’
ইএসপিএন-এর সূত্র অনুযায়ী, এমবাপে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পেয়েছেন। চলতি মৌসুমে লিগে ২৮ ম্যাচে ২৪ গোল করা এই ফরাসি ফরোয়ার্ডের চোট রিয়াল ও ফ্রান্সের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই মৌসুমে এর আগেও একাধিকবার চোটে পড়েছিলেন এমবাপ্পে। পুরোপুরি সুস্থ না হয়েই বারবার মাঠে নামানো হয়েছে তাকে, মূলত দলের পারফরম্যান্স ধরে রাখার তাগিদে। তবে এই ‘ঝুঁকি নেওয়ার প্রবণতা’ এখন উল্টো বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে।
রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিম এখনো তার চোটের ব্যাপারে চূড়ান্ত কিছু জানায়নি। বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পরই বোঝা যাবে চোটের প্রকৃত অবস্থা। চিকিৎসকদের আশঙ্কা, যদি চোট গুরুতর হয়ে ওঠে, তাহলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে এই তারকাকে।
সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে বিশ্বকাপ ঘিরে। ফ্রান্স দলের অন্যতম প্রধান ভরসা এমবাপ্পে যদি দীর্ঘমেয়াদি ইনজুরিতে পড়েন, তাহলে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েই দেখা দিতে পারে অনিশ্চয়তা।