অনেকদিন ধরেই লা লিগার দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ চেষ্টা চালিয়ে যাচ্ছে আর্লিং হলান্ডকে দলে ভেড়াতে। তবে সব জল্পনা-কল্পনার মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার, তিনি খুশি আছেন ম্যানচেস্টার সিটিতেই।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হালান্ড বলেন, ‘(ম্যানচেস্টার সিটিতে) আমি খুবই খুশি এবং সামনে কী আসছে তা নিয়ে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ক্লাব হিসেবে সিটির জন্য এবং একজন খেলোয়াড় হিসেবে আমার জন্য এটি দারুণ সময়। আমি সিটির সঙ্গেই এগিয়ে যেতে চাই।’
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে দলে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং নতুন খেলোয়াড়দের মানিয়ে নিতে সময় লাগছে। কোচ পেপ গার্দিওলার অধীনে গত দেড় বছরে দলে যোগ দিয়েছেন জিয়ানলুইজি ডোনারুমা, মার্ক গেহি এবং রায়ান শেরকির মতো প্রতিভাবান ফুটবলাররা।
হলান্ড বলেন, ‘গত কয়েক বছরে অনেক পরিবর্তন হয়েছে। নতুন লিগ, নতুন দেশ; সবকিছু মানিয়ে নিতে সময় লাগে। তবে আমি মনে করি সামনে দারুণ সময় আসছে এবং আমি এর অংশ হতে পেরে আনন্দিত।’